২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৩৪
- সময় : ০১:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৪০ ভিউ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু। রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৪২ শিশু। এদিকে, পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬২২ জনে। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশু। প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ-এ। এ বিভাগে হাম ও এর উপসর্গে ২২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১৭৬ শিশু। গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৪ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করা হয়েছে।









