লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
- সময় : ০৫:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৬ ভিউ
লেবু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সুনামগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে মতিন মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে পালিয়ে যাওয়ার সময় নিজ এলাকা থেকে মতিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর-কদমতলী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত মতিন মিয়া প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে আগেও একাধিক নারীর সাথে এমন ঘটনার অভিযোগ রয়েছে এবং তিনি কারাভোগও করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই সকালে মতিন মিয়া নিজ এলাকার এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে লেবু দেওয়ার কথা বলে বাড়ির পাশের লেবুবাগানে ডেকে নেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই তরুণীর চিৎকার শুনে স্থানীয় এক মাদ্রাসা শিক্ষার্থী এগিয়ে আসে। পরে ওই শিক্ষার্থীকে দেখে তরুণীকে ছেড়ে দেন মতিন মিয়া। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে গ্রামের মাতব্বররা তরুণীর পরিবারকে মোটা অঙ্কের অর্থ দিয়ে বিষয়টি সালিসে নিষ্পত্তি করার চেষ্টা চালান। কিন্তু তরুণীর পরিবার এতে রাজি না হয়ে শুক্রবার মতিন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগের পর পুলিশ তাকে গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতে নিজ এলাকা থেকেই গ্রেপ্তার করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মতিন মিয়ার বিরুদ্ধে আগেও এমন ঘটনার অভিযোগ রয়েছে এবং তিনি কারাভোগ করেছেন। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া ওই তরুণীর জবানবন্দি রেকর্ড করার জন্য তাঁকেও আদালতে হাজির করা হবে।


















