অপ্রাপ্তবয়সে বিয়ের চেষ্টা: পাত্র-পাত্রী আটক
- সময় : ১২:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ৩২ ভিউ
অপ্রাপ্তবয়সে বিয়ের চেষ্টা করতে গিয়ে রুবি বেগম (১৬) ও নাঈম হোসেন (১৭) নামে এক ছেলে ও মেয়েকে থানা হেফাজতে নিয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় তাদের প্রকৃত অভিভাবকদের খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রুবি বেগম (১৬) এর পিতার নাম তারিফ আলী ঠিকানা দক্ষিণ কালনীচর, ওসমানীনগর, সিলেট এবং নাঈম হোসেন (১৭) এর পিতা আজিজুল ইসলাম, ঠিকানা বাগমারা,বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ বলে জানা যায়।
স্থানীয় এক আইনজীবীর সহযোগিতায় বিজ্ঞ আদালতে বিয়ের উদ্দেশ্যে উপস্থিত হলে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে এবং তাদের আইনি সুরক্ষার স্বার্থে থানায় নেওয়া হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ, পিপিএম জানান, আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নারী ও শিশু বিষয়ক কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের প্রকৃত অভিভাবক বা স্বজনদের খোজ নেওয়া হচ্ছে। কোনো আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপ্রাপ্তবয়সে বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। তাই তারা এ ধরনের ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।























