হাওর ও জলাভূমির সুরক্ষা-নিষেধ লঙ্ঘনে ২ বছরের দণ্ড, সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা
- সময় : ১২:৪১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২৮ ভিউ
হাওর ও জলাভূমির সুরক্ষা, সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে বিধান প্রণয়নের উদ্দেশ্যে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া সকলের জন্য উন্মুক্ত করেছে সরকার। RULES OF BUSINESS, ১৯৯৬ অনুযায়ী ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া সর্বসাধারণের মতামত ও জনমত যাচাইয়ের নিমিত্ত পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গত ২০ নভেম্বর পানি সম্পদ মন্ত্রণালয়ের রিফর্ম ম্যানেজমেন্ট এন্ড পলিসি রিসার্চ ইউনিটের উপসচিব মামুনূর রশীদ স্বাক্ষরিত এই খসড়া অধ্যাদেশে কারো কোন মতামত থাকলে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ই-মেইলে dsrmpr@mowr.gov.bd প্রেরণ করতে পারবেন।
খসড়া অধ্যাদেশে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর’ গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে অধিদপ্তর গঠন সংক্রান্ত ইতোপূর্বে জারিকৃত সকল প্রজ্ঞাপন বাতিল এবং ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন জাতীয় কমিটি’ বিলুপ্ত হবে। তবে অধ্যাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে পূর্বে গৃহীত সকল কার্যক্রম অব্যাহত থাকবে। হাওর বা জলাভূমি সংশ্লিষ্ট এলাকায় কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে অধিদপ্তর থেকে মতামত গ্রহণের বাধ্যবাধকতা, হাওর ও জলাভূমির মহাপরিকল্পনা প্রণয়নে হাওর ও জলাভূমি নির্ভর জনগোষ্ঠী-অংশীজনের মতামত গ্রহণ এবং চূড়ান্তকরণের পূর্বে জনমত যাচাই, হাওর বা জলাভূমি বা এর কোনো অংশ বিশেষ রক্ষার্থে সুরক্ষা আদেশ জারি এবং সংরক্ষিত হাওর ও জলাভূমি ঘোষণা করতে পারবে অধিদপ্তর। অধ্যাদেশে হাওর ও জলাভূমি এলাকায় আরোপিত বিধি-নিষেধ লঙ্ঘন নিষিদ্ধ কার্যক্রম হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করা হয়। এজন্য ২ বছরের কারাদণ্ড বা অনধিক ১০ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদানের প্রস্তাবনা রাখা হয়েছে।
নিষিদ্ধ ৮ ধরনের কার্যক্রম
হাওর ও জলাভূমি থেকে এমনভাবে পানি উত্তোলন, আহরণ বা ব্যবহার, যার ফলে পানিধারক স্তরের নিরাপদ সীমা ব্যাহত হয় বা জলজ প্রাণীর আবাসস্থল বা জলজ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়/ হাওর ও জলাভূমির অবৈধ দখল, ভরাটকরণ, অননুমোদিত খনন, পরিবর্তন বা রূপান্তর/হাওর ও জলাভূমির পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এরূপ অবকাঠামো নির্মাণ বা কার্যক্রম পরিচালনা/হাওর ও জলাভূমির পানি, মাটি ও পরিবেশ দূষিত হয় এরূপ কার্যক্রম/ উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত হাওর ও জলাভূমির মাটি, বালু, পাথর, বা যে কোনো প্রাকৃতিক সম্পদ উত্তোলন বা আহরণ/হাওর ও জলাভূমি এলাকায় পরিযায়ী প্রজাতির পাখি বা সংরক্ষিত জলজ প্রাণী শিকার বা আহরণ, হাওরের জলাবন বিনষ্টকরণ অথবা পশু-পাখির আবাসস্থল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা/হাওর ও জলাভূমি এলাকায় নিষিদ্ধ জাল, বৈদ্যুতিক শক, বিষটোপ বা বিষাক্ত পদার্থ প্রয়োগের মাধ্যমে মৎস্য আহরণ ও মাছ অথবা জলজ প্রাকৃতিক সম্পদ এমনভাবে আহরণ যার ফলে মাছ বা জলজ প্রাণীর প্রজনন বা উৎপাদন বিঘ্নিত হয়।
নিষেধ লঙ্ঘনে হবে দণ্ড-জরিমানা
এই অধ্যাদেশের অধীনে জারিকৃত লিখিত আদেশ বা নির্দেশ লঙ্ঘন, এই আইনের অধীনে জারিকৃত ‘সুরক্ষা আদেশ’ এ আরোপিত বিধি-নিষেধ লঙ্ঘন, হাওর ও জলাভূমির অবৈধ দখল, ভরাটকরণ, অননুমোদিত খনন, পরিবর্তন বা রূপান্তর, হাওর ও জলাভূমির পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এরূপ অবকাঠামো নির্মাণ বা কার্যক্রম পরিচালনা, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত হাওর ও জলাভূমির মাটি, বালু, পাথর, বা যে কোনো প্রাকৃতিক সম্পদ উত্তোলন বা আহরণ, হাওর ও জলাভূমি এলাকায় নিষিদ্ধ জাল, বৈদ্যুতিক শক, বিষটোপ বা বিষাক্ত পদার্থ প্রয়োগের মাধ্যমে মৎস্য আহরণ করলে অনধিক ২ বছরের কারাদণ্ড বা অনধিক ১০ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদান করা হবে।
এদিকে সংরক্ষিত ঘোষিত হাওর ও জলাভূমি এলাকায় আরোপিত বিধি-নিষেধ লঙ্ঘন, হাওর ও জলাভূমি থেকে এমনভাবে পানি উত্তোলন, আহরণ বা ব্যবহার, যার ফলে পানিধারক স্তরের নিরাপদ সীমা ব্যাহত হয় বা জলজ প্রাণীর আবাসস্থল বা জলজ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়, হাওর ও জলাভূমি এলাকায় পরিযায়ী প্রজাতির পাখি বা সংরক্ষিত জলজ প্রাণী শিকার বা আহরণ, হাওরের জলাবন বিনষ্টকরণ অথবা পশু-পাখির আবাসস্থল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করলে এবং মাছ অথবা জলজ প্রাকৃতিক সম্পদ এমনভাবে আহরণ যাহার ফলে মাছ বা জলজ প্রাণীর প্রজনন বা উৎপাদন বিঘ্নিত হলে অনধিক ২ বছরের কারাদণ্ড বা অনধিক ৫ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদান করা হবে। অপরদিকে হাওর ও জলাভূমির পানি, মাটি ও পরিবেশ দূষিত হয় এরূপ কার্যক্রমে জড়িত থাকলে অনধিক ২ বছরের কারাদণ্ড বা অনধিক ২ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদান করা হবে।
হাওর ও জলাভূমি উন্নয়নে যা করবে অধিদপ্তর
অধিদপ্তর হাওর ও জলাভূমির সুরক্ষা, সংরক্ষণ ও উন্নয়নে সমীচীন ও প্রয়োজনীয় বিবেচিত সকল কার্যক্রম গ্রহণ করিতে পারবে এবং যে-কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় লিখিত আদেশ বা নির্দেশ দিতে পারিবে।
এছাড়াও বিদ্যমান নীতি, পরিকল্পনা, কৌশলপত্র ইত্যাদির সাথে সামঞ্জস্য রেখে সংরক্ষণের স্বার্থে হাওর ও জলাভূমিকে অন্তর্ভুক্ত করে মহাপরিকল্পনা প্রণয়ন, হালনাগাদকরণ ও বাস্তবায়ন/হাওর ও জলাভূমির তালিকা প্রস্তুতকরণ, সীমানা চিহ্নিতকরণ ও মানচিত্র প্রস্তুত/ হাওর ও জলাভূমির সুরক্ষার জন্য প্রয়োজনীয় আদেশ জারি/হাওর ও জলাভূমিকে সংরক্ষিত এলাকা ঘোষণার লক্ষে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ/হাওর ও জলাভূমির প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের নিমিত্ত গবেষণা ও উন্নয়ন প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও পরিবীক্ষণ/ হাওর ও জলাভূমির পানি প্রবাহ নির্বিঘ্ন রাখা/হাওর ও জলাভূমি সংশ্লিষ্ট এলাকায় উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে মতামত প্রদান/হাওর ও জলাভূমির জীববৈচিত্র্যের বেইজলাইন নির্ণয়, ডাটাবেইজ প্রস্তুত ও সংরক্ষণ/হাওর ও জলাভূমির পলি ব্যবস্থাপনা/হাওর ও জলাভূমি এলাকায় পরিযায়ী প্রজাতির পাখিসহ বিভিন্ন প্রকার বিপন্ন প্রাণীর আবাসস্থলের নিরাপত্তা বিধানের লক্ষে অন্যান্য কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের সাথে সমন্বয়/হাওর ও জলাভূমির জলাবন সংরক্ষণ ও সম্প্রসারণ/উপযুক্ত কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করে হাওর ও জলাভূমির পরিবেশ সংরক্ষণ, পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব পর্যটনের নির্দেশিকা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ, হাওরের কৃষি জমিতে রাসায়নিক পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন/হাওর ও জলাভূমির জীববৈচিত্র্য, পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণের হুমকি বলিয়া বিবেচিত কার্যক্রমে বিধিনিষেধ আরোপ/ হাওর ও জলাভূমি রক্ষায় যে-কোনো ব্যক্তিকে প্রয়োজনীয় নির্দেশ ও আদেশ প্রদান/হাওর ও জলাভূমি এলাকায় জলবায়ু সহিষ্ণুতা ও অভিযোজন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম গ্রহণ, এবং এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে বা সরকার কর্তৃক অধিদপ্তর এর উপর অর্পিত যে কোনো কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন।
এছাড়াও আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই কিছুই থাকুক না কেন, হাওর ও জলাভূমির সুরক্ষা, সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে এই অধ্যাদেশের বিধান প্রাধান্য পাবে। অধ্যাদেশ জারির ৬ মাসের মধ্যে হাওর ও জলাভূমির তালিকা প্রণয়ন ও সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হবে। প্রয়োজনে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নদী গবেষণা ইনষ্টিটিউট, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, জাতীয় নদী রক্ষা কমিশন, মৎস্য অধিদপ্তর, বন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরসহ এই অধ্যাদেশের সাথে সর্ম্পকিত মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থার সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করবে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর।











