একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে: নাছির উদ্দিন চৌধুরী
- সময় : ১০:৫৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৩৩ ভিউ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে সেই অপচেষ্টা রুখে দেওয়া হবে। গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছে, এই গণতন্ত্রকে আবার বন্দি হতে দেওয়া যাবে না। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে দিরাই থানা পয়েন্টে জনসভাটি অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভা নির্ধারিত সময়ের আগেই মিছিলের ঢল নামায় পরিপূর্ণ হয়ে ওঠে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম জনসভা সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা আগামীর বাংলাদেশের রোডম্যাপ। এই দফাগুলোর প্রতিটি বিষয় মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতি পুনর্জাগরণের মূলমন্ত্র। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরও বলেন, একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এই অপশক্তিকে আমরা প্রতিহত করব। আমি দিরাই–শাল্লার মানুষের মুখে হাসি ফুটাতে চাই। শেষবারের মতো আপনাদের সামনে এসেছি—এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। আমার জন্য দোয়া করবেন এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করবেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
জনসভায় আরও বক্তব্য রাখেন—সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আশোক দাস, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম. আর. মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, দিরাই–শাল্লা তথা সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলে এখানে ধানের শীষের বিজয় নিশ্চিত।











