বন্ধুকে কুপিয়ে হত্যা, এবার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক
- সময় : ০৯:৫৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৩১ ভিউ
ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম (২২) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার তারই বন্ধু অহিদুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে অহিদুল দাবি করেন, আমাকে কালো জাদু করেছে, তাই তাকে আমি খুন করেছি।
নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তিনি। চার মাস আগে দেশে আসেন এবং চলতি বছরের ২৯ নভেম্বর মালয়েশিয়ায় ফেরার কথা ছিল। ২৫ ডিসেম্বর থেকে তার ক্লাস শুরু হওয়ার কথা ছিল। অভিযুক্ত অহিদুল ইসলাম ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ফাহিম ও অহিদুল। একসঙ্গে পড়াশোনা, আড্ডা—সবকিছুতেই ছিলেন পাশাপাশি। মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর আবারও তাদের নিয়মিত মেলামেশা শুরু হয়। কিন্তু কয়েক সপ্তাহ ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অহিদুল। তখন থেকেই ভাবতে থাকেন ‘তাকে কিছু একটা করা হয়েছে’। মালয়েশিয়ায় থেকে ‘কালো জাদু’ শিখে ফাহিম তাকে কিছু একটা করেছে। এ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে প্রতিশোধ নিতে ফাহিমকে হত্যা করে সে।
ফাহিমের স্কুল বন্ধু সোহান বলেন, ফাহিমের সঙ্গে আমাদের অনেক ভালো সময় কেটেছে। স্কুলের দিনগুলো থেকে সে ছিল আমাদের মধ্যে এক উজ্জ্বল মুখ। কখনো কোনো দুঃখ-কষ্ট নিয়ে সে কাউকে কিছু বলত না, সবসময় হাস্যোজ্জ্বল থাকত। আমি জানি না, কীভাবে তার সঙ্গে এমন একটা ঘটনা ঘটল। আমাদের সমাজে এমন কিছু আগে কখনো ঘটেনি, এটা যেন এক দুঃস্বপ্নের মতো লাগছে।
নিহত ফাহিমের মা ফাতেমা খাতুন বলেন, আমার ছেলে এ ধরনের কালো জাদুতে নেই। সে এগুলো বিশ্বাসও করে না। অনিক মিথ্যা বলছে। সে এবং ইব্রাহিম কিছুদিন আগে আমার বাসায় আসছিল। এসে বলে আন্টি ফাহিম মালয়েশিয়ায় বেশি খেতে পারে না। তাকে ভালো করে খাওয়ায়ে দিয়েন। তিনি আরও বলেন, বিশ্বাস করেন আমি বুঝি নাই, অনিক আমার ছেলেকে মেরে ফেলার জন্য এসব বলছে। আমি কিছু বুঝি নাই। আমি আমার ছেলের খুনির বিচার চাই। ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, ওই দুই তরুণ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হত্যার পর অভিযুক্ত তরুণ থানায় এসে বলতে থাকেন, তার জীবন কালো জাদু করে নষ্ট করে দেওয়া হয়েছে, তাই তিনি ফাহিমকে হত্যা করেছেন।
আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি বলেন, আমাকে কালো জাদু করেছে তাই তাকে আমি খুন করেছি। ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম হাসান ইসরাফিল বলেন, ভিকটিম তাকে কালো জাদু করে রাখত। এজন্যই তিনি কোনো কাজকর্ম করতে পারতেন না। তার লাইফটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। এ ক্ষোভে তাকে হত্যা করা হয়। আমরা ধারণা করছি, নারীঘটিত বিষয় আছে। তবে আমরা কালো জাদুর ব্যাপারেও কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে একটি ‘চাইনিজ কুড়াল’ হাতে নিয়ে থানায় হাজির হন অহিদুল ইসলাম। তিনি পুলিশকে বলেন, ‘ফাহিম কালো জাদু করে আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাই তাকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছি।’ এমন কথা শোনার পর পুলিশ তাকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে যায়। মাঠের পূর্ব পাশের পানির ট্যাংকের পাশে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।










