সুনামগঞ্জ-৫ আসনে লাঙ্গলের প্রার্থীতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
- সময় : ০৩:৫৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ৪৩ ভিউ
হাইকোর্টের নির্দেশে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফিরে পেলেন মো. জাহাঙ্গীর আলম। এর আগে মনোনয়নপত্র জমা দিলে ঋণ খেলাপির অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়ন বাতিল করেন। পরে আপিল করার পরও নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। পরে দলের হাইকমান্ডের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়।
বৃহস্পতিবার রিটের শুনানি শেষে হাইকোর্ট জাহাঙ্গীর আলমের প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “জাহাঙ্গীর আলমের প্রার্থীতা বহাল রাখতে আমরা হাইকোর্টে রিট পিটিশন করি। আজ রিটের শুনানি শেষে হাইকোর্ট তাঁর প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এখন তিনি নির্বাচন করতে আর কোনো আইনি বাঁধা নেই।”
এবিষয়ে সুনামগঞ্জ- ৫ আসনে জাপার প্রার্থী জাহাঙ্গীর আলম জানান, “আইনি লড়াইয়ে প্রার্থীতা ফিরে পেয়ে আমি আনন্দিত। আর এ ব্যাপারে আইনিভাবে সর্বাত্মক সহযোগিতা করার জন্য জাপা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দায় পাটোয়ারির প্রতি আমি কৃতজ্ঞ। ফলে এবার ভোটারদের কাছে সরাসরি নিজেকে উপস্থাপন করার সুযোগ পেয়ে আমি গর্বিত। বিজয়ী হলে সুনামগঞ্জ-৫ আসনে জনকল্যাণমূলক কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”












