দেশ বদলালেও ভালোবাসার মানুষরা বদলায় না
- সময় : ১১:৫৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ৫৩ ভিউ
সময় কাউকে থামিয়ে রাখে না। এই সময়ের ওপর ভর করে মানুষ ছুটে নানা ঠিকানায়, ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে। নানা প্রয়োজনে কিংবা উন্নত জীবনের টানে মানুষ দিগ্বিদিক ছুটলেও কিছু মুখ, কিছু সম্পর্ক, কিছু স্মৃতি সময়কে অগ্রাহ্য করেই বেঁচে থাকে। ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা শাবনূরের জীবনটাও এখন যেন তেমনই এক ভালোবাসার মানচিত্র; যেখানে দেশ বদলালেও ভালোবাসার মানুষরা বদলায় না।
দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় প্রবাসজীবন কাটাচ্ছেন শাবনূর। আলো ঝলমলে রুপালি পর্দার জীবন থেকে দূরে থাকলেও ভক্তদের হৃদয় থেকে তিনি কখনোই হারিয়ে যাননি। মাঝেমধ্যে খবরের শিরোনামে ফিরেছেন–কখনও দেশে আসার গুঞ্জনে, কখনও নতুন সিনেমার ঘোষণায়, আবার কখনও নিছক স্মৃতির টানে। সম্প্রতি সেই স্মৃতির টানই তাঁকে নিয়ে গেল আমেরিকার নিউইয়র্কের লং আইল্যান্ডে।
প্রায় মাসখানেক আগে নিউইয়র্কে যান শাবনূর। সেখানে গিয়ে যেন ফিরে পান আপন পৃথিবী। সেখানে আগে থেকেই ছিলেন ঢালিউডের পরিচিত মুখগুলো–নায়িকা মৌসুমী, নায়ক অমিত হাসান, কাজী মারুফ, ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ক্যামেরার বাইরে, লাইমলাইটের চাপ ছাড়াই সিনেমা অঙ্গনের পরিচিত এই মানুষগুলোকে পাওয়া সত্যিই শাবনূরের জন্য ছিল অন্যরকম এক অনুভূতির। তাই আনন্দে ভরে উঠে দিনগুলো।
কেউ গল্পে মেতে উঠেছেন পুরোনো শুটিংয়ের কথা মনে করে, কেউ হেসেছেন অজানা কোনো স্মৃতিতে। কারও চোখে ছিল আবেগ, কারও কণ্ঠে নস্টালজিয়া। এই আড্ডায় কোনো স্ক্রিপ্ট ছিল না, কোনো সংলাপ মুখস্থ করার দায়ও ছিল না। ছিল শুধু আপন মানুষদের সঙ্গে সময় কাটানোর সুখ।
শাবনূর আর মৌসুমীর পুনর্মিলন যেন নব্বই দশকের ঢাকাই সিনেমার একটি জীবন্ত ফ্রেম। এক সময় যারা একসঙ্গে বড়পর্দা ভাগ করেছেন, দর্শকের ভালোবাসায় নিজেদের নাম লিখিয়েছেন–আজ তারা ভিনদেশে, ভিন্ন জীবনে; তবু দেখা হলেই আলিঙ্গনে মিলিয়ে যায় সব দূরত্ব। সেই মুহূর্তে তারা আর ‘নায়িকা’ নন–তারা দুই সহোদরার মতো, যাদের বন্ধনে সময়ের কোনো হিসাব নেই।
অমিত হাসানের উপস্থিতি সেই ভালোবাসার বৃত্তটাকে আরও পূর্ণ করেছে। দীর্ঘদিনের সহকর্মী থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে পারিবারিক সম্পর্ক–এই সমীকরণটাই যেন শাবনূরের জীবনের বড় শক্তি। নিউইয়র্কের ঘরোয়া আয়োজনে সবাই মিলে কাটানো মুহূর্তগুলো ছিল একান্তই নিজেদের, অথচ তা ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়। সম্প্রতি তাদের প্রাণবন্ত আড্ডার কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল।
সেই আড্ডায় মাহিয়া মাহি ও ইমনের মতো নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে এই সময় কাটানোও আলাদা মাত্রা যোগ করেছে। প্রজন্ম বদলালেও ভালোবাসার ভাষা যে একই থাকে–সেটিই যেন প্রমাণ হয়েছে শাবনূরের সঙ্গে এই মিলন মেলায়। এদিকে দীর্ঘদিন ধরে কাজের বাইরে ছিলেন শাবনূর। ২০২৪ সালে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে ‘কামব্যাক’ করার ঘোষণা করেন। সিনেমাটির শুটিংও হয়। এর কিছুদিন পরই উড়াল দেন অস্ট্রেলিয়ায়। সিনেমাটি এখন অনিশ্চিত অবস্থায় রয়েছে। সূত্র: সমকাল .কম











