সুনামগঞ্জের পাঁচটি আসনেই জয় পেয়েছে বিএনপি
- সময় : ০৫:০০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৫ ভিউ
সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে সবকয়টিতেই জয় পেয়েছে বিএনপি। কোন আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি প্রতিদ্বন্দ্বিরা। তবে নিকটতম ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
সুনামগঞ্জ—১ (ধর্মপাশা—মধ্যনগর—তাহিরপুর—জামালগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল জয়ী হয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্র থেকে প্রাপ্ত ভোট গণনায় প্রায় ১১ হাজার ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই আসনে ১৭৭ ভোটকেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। এতে বিএনপি প্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল পেয়েছেন এক লাখ ৬৪ হাজার ২৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট। নির্বাচনী এলাকার চার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে এই ফলাফল পাওয়া গেছে।
সুনামগঞ্জ—২ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। ৩৯ হাজার ৯৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নাছির উদ্দিন চৌধুরী। বিজয়ী প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর ফেসবুক আইডি থেকে ফলাফল প্রচার করা হয়েছে। পরাজিত জামায়েতের প্রার্থী শিশির মনির বিজয়ী নাছির উদ্দিন চৌধুরীকে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
সুনামগঞ্জ—৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ৯৬ হাজার ৬৬৬ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতীকে ৪১ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন। ৫৪ হাজার ৬৮২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন কয়ছর আহমেদ। রাত সাড়ে ৯টায় দিকে কয়ছর আহমেদের নির্বাচনী কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।
সুনামগঞ্জ—৪ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপির নূরুল ইসলাম নূরুল পেয়েছেন ৯৭ হাজার ৫৫৫ ভোট। প্রতিদ্বন্দ্বি জামায়াতের মো. সামছ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৭৪ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ১৮ হাজার ৯১১ ভোট। বিজয়ী নূরুল ইসলাম নূরুলের ফেসবুক আইডি থেকে এই ফলাফল প্রচার করা হয়।
সুনামগঞ্জ—৫ আসনের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম। জানা যায়, ছাতক উপজেলায় ধানের শীষ প্রতীকে কলিম উদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ৯১ হাজার ৮০৭ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম পেয়েছেন ৬১ হাজার ৮৩০ ভোট। এখানে ব্যবধান রয়েছে ২৯ হাজার ৯৭৭ ভোট। দোয়ারাবাজার উপজেলায় ধানের শীষ পেয়েছে ৬১ হাজার ১৯০ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম পেয়েছেন ৩৮ হাজার ৯৮ ভোট। এ উপজেলায় ব্যবধান ২৩ হাজার ৯২ ভোট।
দুই উপজেলা মিলিয়ে কলিম উদ্দিন আহমেদ মিলন (ধানের শীষ) মোট ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। বেসরকারি হিসাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৫৩ হাজার ৬৯ ভোটে এগিয়ে রয়েছেন।



















