আইনজীবি মিন্টু ও শামীমের জামিন নামঞ্জুর
- সময় : ০৩:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৯০ ভিউ
সুনামগঞ্জ আদালত চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসের সকালে পুষ্পস্তবক অর্পণের সময় রাজনৈতিক স্লোগান ও মিছিল করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত দুই আইনজীবীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে একদল আইনজীবী আদালত চত্বরের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান। প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার অনুযায়ী, ২৬শে মার্চ বেলা ১১টার দিকে ২৩ থেকে ৩০ জন আইনজীবী মিছিলসহকারে সেখানে প্রবেশ করেন এবং ফুল দেওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ও জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ঐদিন রাতেই পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আইনজীবি এডভোকেট মনীষ কান্তি দে (মিন্টু): সুনামগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্র সংসদের সাবেক ভিপি ও এডভোকেট মিজানুর রহমান (শামীম): জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক কে গ্রেপ্তার করে।


















