আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে
- সময় : ০৫:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১৪ ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুমকি দিয়ে বলেছেন, ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে’। ইরানের জন্য নির্ধারিত তার সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষিতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। আমি এটা চাই না, কিন্তু সম্ভবত সেটাই ঘটবে।’ তিনি আরও বলেন, ‘তবে এখন যেহেতু সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ শাসন পরিবর্তন হয়েছে, যেখানে ভিন্ন, আরও বুদ্ধিমান এবং কম উগ্র মনোভাবের মানুষ প্রাধান্য পাবে, হয়তো কিছু বিপ্লবাত্মক ভালো কিছু ঘটতে পারে- কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যু অবশেষে শেষ হবে। মহান ইরানি জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!’
এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি ইরান মঙ্গলবার রাত ৮টার (ইস্টার্ন টাইম) মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেবে। তিনি এর আগেও একাধিকবার সময়সীমা নির্ধারণ করেছিলেন, যা পরে পরিবর্তন করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ও হোয়াইট হাউস এই উদ্বেগগুলোও খারিজ করে দিয়েছে যে, এ ধরনের বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।


















