সাত দফা দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
- সময় : ০২:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ৬ ভিউ
জেলার হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার তদন্তের দাবিতে বিক্ষোভ করেছে কৃষকরা। পরে সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে হাওর বাঁচাও আন্দোলন। রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও কৃষকরা। এসময় কৃষকরা ফসলের বীমাও দাবি করেন। সমাবেশে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রিওয়ার্ক, পোস্ট ওয়ার্কে দুর্নীতি, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, অক্ষত প্রকল্পে বিপুল বরাদ্দ প্রদান, জেলা প্রশাসন ও পাউবোর স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে হাওর বাঁচাও আন্দোলনের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপজেলা ভিত্তিক ফসল রক্ষা বাঁধের কাজের দুর্নীতির সরেজমিন চিত্র তুলে ধরেন। বিক্ষোভ সমাবেশ শেষে হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে সাত দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো— বাঁধের কাজে দুর্নীতি ও অনিয়মে যুক্ত এবং নীতিমালা বিরোধী কাজ অনুমোদনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কাবিটা নীতিমালা মানতে কর্তৃপক্ষকে বাধ্য করা, বাঁধের কাজে প্রকৃত কৃষককে যুক্ত করা, প্রকল্পের প্রি—ওয়ার্ক ও পোস্ট ওয়ার্কের কাজে দুর্নীতি বন্ধ করা।সমাবেশে বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলনের সহসভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, কুদরত পাশা, আবু সাঈদ প্রমুখ।



















