রাজধানীর যাত্রাবাড়ীতে ১ পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
- সময় : ০৯:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৫৭ ভিউ
পাওনা টাকাকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় বাসায় ঢুকে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে সামাদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম দিয়া আক্তার (২০)। সে রাজধানীর শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী। আহতরা হলেন, মৌসুমী (৩৫), মোয়াজ (১৫) ও জয়া (১২)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আবু মুসা। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেন জানান, আবু মুসা পেশায় একজন ঠিকাদার। নবুউল্লাহার কাছে টাকা পান মুসা। পাওনা টাকা নেয়ার জন্য ভোরে নবুউল্লাহার বাসায় যান মুসা। এই নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নবুউল্লাহা উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে জখম করেন। পরে আবু মুসা ক্ষিপ্ত হয়ে নবুউল্লাহার স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন। এ সময় তার মেয়ে দিয়া এগিয়ে এলে তাকে কুপিয়ে হত্যা করেন। এরপর তার আরেক মেয়ে জয়া ও ছেলে মোয়াজ এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করেন। পরে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় আহত আবু মুসা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ পাহারায় আছেন তিনি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’




















