ধর্মপাশা:৪ কোটি টাকার খাস জমি উদ্ধার
- সময় : ১০:৩৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ৩ ভিউ
এনামুল হক/ শহীদুল ইসলাম শাহীন
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের খিলাকান্দা নামক স্থানে অবস্থিত অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উপজেলার টগার হাওর সংলগ্ন খিলাকান্দায় অন্তত ৮ হাজার ৫৩৩ শতক খাস ফসলি জমি, গোচারণ ভূমি ও হিজল বাগানসহ হাওর থেকে ধান পরিবহনের রাস্তা অবৈধভাবে দখলে নিয়েছিল স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে তারা চাষাবাদ ও ভোগ করে আসছিল। বছর দুয়েক আগে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের সচেতন ব্যক্তি খুরশেদ আলম ভূঁইয়াসহ অন্তত ১১ জন অবৈধ দখল উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর কাছে আবেদন করেছিলেন। কিন্তু বিভিন্ন কারণে এতোদিন উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারেনি প্রশাসন। বুধবার অবৈধ দখলে থাকা জমিতে লাল নিশান টানিয়ে দিয়ে খাস জমি চিহ্নিত করে দেওয়া হয়। পাশাপাশি দ্রুত দখল ছাড়তে প্রশাসনের পক্ষ থেকে দখলদারদেরকে নির্দেশ দেওয়া হয়।
চকিয়াচাপুর গ্রামের খুরশেদ আলম ভূঁইয়া বলেন, ২০-৩০ প্রভাবশালী ব্যক্তি ওই খাস জমি দখলে নিয়েছিল। হিজল বাগান থেকে গাছ কেটে প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করেছে তারা। দখলদারদের খাস জায়গা থেকে উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় এসিল্যান্ডসহ প্রশাসনকে এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।গাছতলা বাজারের বাসিন্দা শহীদুল ইসলাম শাহীন বলেন, এর আগে ধর্মপাশায় এতো পরিমাণ খাস জমি দখলমুক্ত হয়েছে কিনা আমার জানা নেই।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, উদ্ধারকৃত খাস জমির আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। এর আগে এতো বিপুল পরিমাণ খাস জমি এখানে উদ্ধার হয়নি। অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



















